বলিভিয়ার উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোর জোট জি-৭৭ এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বলিভিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি ।
১০ দিনের এই সফরে রাষ্ট্রপতি বলিভিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র সফর করবেন বলে তার প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতিকে বিদায় জানানোর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।এছাড়া তিন বাহিনীর প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শুক্রবার বলিভিয়ার সান্তাক্রুজে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরদিন ‘কমেমোরেটিভ সামিট অফ জি-৭৭ অ্যান্ড চায়না’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন তিনি।
১৫ জুন জি-৭৭ এর সম্মেলনে বক্তব্য দেবেন আবদুল হামিদ। জোটভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও এই সম্মেলনে বক্তব্য রাখবেন।
জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়শীল দেশগুলোকে নিয়ে ১৯৬৪ সালে জি-৭৭ জোট গঠন করা হয়। বলিভিয়া বর্তমানে এই জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। ‘খাদ্য নিরাপত্তা, দারিদ্র হ্রাস এবং ধরিত্রীকে রক্ষায় টেকসই পথ খোঁজা’ এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়।
ইহসানুল করিম বলেন, “বলিভিয়া সফর শেষে রাষ্ট্রপতি আগামী ১৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন। যুক্তরাষ্ট্র সফরকালে ১৯ জুন তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন।”
এছাড়া ১৭ জুন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা এবং তার পরদিন নিউ ইয়র্কে কিশোরগঞ্জ সমিতির আয়োজনে একটি সংর্বধনায় যোগ দেবেন তিনি।
আগামী ২২ জুন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
