২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের সাড়ে ৩ বছর পর ফিরেছেন সাত নাবিক

সোমালি জলদস্যুদের কবল থেকে সাড়ে তিন বছর পর মুক্ত সাত বাংলাদেশি নাবিক দেশে ফিরছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 09:32 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

মুক্ত ৭ নাবিক ফিরছেন বৃহস্পতিবার
এবার ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড
মুক্তিতে উদ্বেল স্বজনরা এখন তাদের ফেরার অপেক্ষায়

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের অভ্যর্থনা জানান। ছিলেন পরিবারের সদস্যরাও।

নাবিকরা শারীরিকভাবে সুস্থ আছেন জানিয়ে মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউমেনিটেরিয়ান রেসপন্স প্রোগ্রামের (এমপিএইচআরপি) প্রধান প্রকৌশলী চিরাগ বাহারি সাংবাদিকদের বলেন, “উদ্ধারের পর থেকেই আমরা তাদের পাশে ছিলাম। তাদের চিকিৎসা দিয়েছিলাম, খাবারের ব্যবস্থা করেছিলাম।

“তবে তারা যে অবস্থায় ছিলেন তার জন্য বাংলাদেশেও তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর হোটেল মেরিনোতে মুক্ত নাবিকরা সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানান তাদের উদ্ধারে মূল ভূমিকা রাখা সংস্থাটির এই কর্মকর্তা।

গত শনিবার ছাড়া পাওয়ার পর থেকে এই সাত নাবিক কেনিয়ার রাজধানী নাইরোবিতে ছিলেন। আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আলবেডো ২০১০ সালে ভারত মহাসাগরে ছিনতাই হওয়ার সময় ওই সাত বাংলাদেশি জাহাজটিতে ছিলেন।

ছিনতাই হওয়ার পর জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় ২০১৩ সালের ৭ জুলাই আলবেডো ডুবে যায়। এই নাবিকদের তখন ছিনতাই করা আরেকটি জাহাজ নাহাম-৩ এ তোলা হয় বলে ইইউ নেভাল ফোর্স জানিয়েছিল।

এরপর থেকে জলদস্যুদের হাতেই আটক ছিলেন আলবেডোর ২২ নাবিক। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ছিলেন সাতজন পাকিস্তানি, ছয়জন শ্রীলঙ্কান, একজন ভারতীয় ও একজন ইরানি।

ছিনতাইয়ের পর জিম্মি নাবিকদের উদ্ধারে তাদের স্বজনদের দাবির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা শুরু হয় এবং এ লক্ষ্যে মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউমেনিটেরিয়ার রেসপন্স প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ রাখা হয়, আলোচনা হয় মালয়েশিয়া সরকারের সঙ্গেও। 

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে সাধারণত মুক্তিপণ দিয়েই নাবিকদের উদ্ধার করতে হয়। তবে নীতিগতভাবে কোনো দেশের সরকারই জলদস্যুদের মুক্তিপণ দিতে পারে না।

তাই স্বদেশী এই নাবিকদের উদ্ধারে এমপিএইচআরপি’র দ্বারস্ত হয় বাংলাদেশ সরকার। সংস্থার কর্মকর্তারা বাংলাদেশে এসে চট্টগ্রামে গিয়ে জিম্মি নাবিকদের উদ্বেগাকূল পরিবারের সঙ্গে কথাও বলেন। 

মুক্ত নাবিকরা অন্য কোনো পেশায় যেতে চাইলে তাদের সহযোগিতা করা হবে জানিয়ে এমপিএইচআরপি’র প্রধান প্রকৌশলী বলেন, “তারা শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো।”