মুক্তিতে উদ্বেল স্বজনরা এখন তাদের ফেরার অপেক্ষায়
সাড়ে ৩ বছর পর সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া চট্টগ্রামের দুই নাবিক জাকির হোসেন ও আমিনুল ইসলাম রাজীবের ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছেন পরিবারের সদস্যরা।
রোববার সকালে দুই পরিবার জানিয়েছে, শনিবার জাকির ও আমিনুলের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়েছে। কেনিয়া পৌঁছার পর তারা সুস্থ আছেন।
কেনিয়া থেকে তাদের দেশে ফিরতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে দুজনই পরিবারকে আশ্বস্ত করেছেন।
সেখানে জাকির-আমিনুলের সঙ্গে আছেন জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি আরো পাঁচজন নাবিক- সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম, নুরুল হক ও চাঁদপুরের লিমন সরকার।
জিম্মি উদ্ধারে সহযোগিতাকারী মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউমেনিটেরিয়ান রেসপন্স প্রোগ্রামের (এমপিএইচআরপি) ওয়েবসাইটে শনিবার সাত বাংলাদেশিসহ ১১ জন নাবিকের মুক্তি পাওয়া বিষয়টি প্রকাশ পায়।
মুক্তির পর বাংলাদেশি নাবিকদের কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে বাংলাদেশ দূতাবাসের তত্বাবধানে আছেন।
সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত কয়েকজন নাবিক। এমপিএইচআরপির ওয়েবসাইট থেকে পাওয়া ছবি।
“শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তারা কেনিয়ায় পৌঁছে। তারা ভালো আছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জাকির জানিয়েছে।”
তারা এখন জাকিরের বাড়ি ফেরার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান ইকবাল।
জাকিরের মুক্তির খবর পেয়ে প্রতিবেশী-স্বজনদের সঙ্গে সংবাদকর্মীরাও বাড়িতে ভিড় করছেন বলে জানান তিনি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেরিন একাডেমি এলাকাতেই বসবাস জাকির ও আমিনুলের পরিবারের।
আমিনুলের বাবা নুরুল ইসলাম জানালেন, শনিবার দুই বার ফোনে ছেলের সঙ্গে কথা হয়েছে।
কেনিয়ায় বাংলাদেশ দূতাবাসের লোকজন বাংলাদেশি নাবিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, আমিনুল এমনটাই জানিয়েছেন, বলেন নুরুল ইসলাম।
“তারা হোটেলে আছে। দেশে ফিরতে কয়েকদিন লাগতে পারে। ছেলেকে বুকে জড়িয়ে ধরতে চাই। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি।”
আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে ভারত মহাসাগরে ২০১০ সালের নভেম্বরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেডো।
এমভি আলবেডো
চট্টগ্রামের ম্যানিং এজেন্ট এভারশিয়ার মেরিন সার্ভিসেস কোম্পানির মাধ্যমে ২০১০ সালের জুলাই মাসে ওই জাহাজে যোগ দেন সাত বাংলাদেশি নাবিক।
২০১২ সালের অগাস্ট এবং অক্টোবরে দুই দফায় চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে জিম্মি নাবিকদের স্বজনরা জানান, মুক্তিপণের জন্য নাবিকদের ওপর নির্যাতন চালাচ্ছে জলদস্যুরা।
এরপরই তাদের উদ্ধারে এমপিএইচআরপির দ্বারস্থ হয় বাংলাদেশ সরকার। ওই সংস্থার কর্মকর্তারা চট্টগ্রামে এসে জিম্মি নাবিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করে।
