২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত ৭ নাবিক ফিরছেন বৃহস্পতিবার

সোমালি জলদস্যুদের কবল থেকে সাড়ে তিন বছর পর মুক্ত সাত বাংলাদেশি নাবিক বৃহস্পতিবার ঢাকা ফিরছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 04:36 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

পুরনো খবর:

এবার ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড
মুক্তিতে উদ্বেল স্বজনরা এখন তাদের ফেরার অপেক্ষায়

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল পৌনে ৯টায় ঢাকায় নামবেন তারা। তাদের অভ্যর্থনা জানাতে সরকারি কর্মকর্তারাও বিমানবন্দরে থাকবেন।

গত শনিবার ছাড়া পাওয়ার পর থেকে এই সাত নাবিক বর্তমানে নাইরোবি রয়েছেন। তারা পুরোপুরি সুস্থ রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আলবেডো ২০১০ সালে ভারত মহাসাগরে ছিনতাই হওয়ার সময় ওই সাত বাংলাদেশি জাহাজটিতে ছিলেন।

ছিনতাই হওয়ার পর জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় ২০১৩ সালের ৭ জুলাই আলবেডো ডুবে যায়। এই নাবিকদের তখন ছিনতাই করা আরেকটি জাহাজ নাহাম-৩ এ তোলা হয় বলে ইইউ নেভাল ফোর্স জানিয়েছিল।

এরপর থেকে জলদস্যুদের হাতেই আটক ছিলেন আলবেডোর ২২ নাবিক। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ছিলেন সাতজন পাকিস্তানি, ছয়জন শ্রীলঙ্কান, একজন ভারতীয় এবং একজন ইরানি।

ছিনতাইয়ের পর জিম্মি নাবিকদের উদ্ধারে তাদের স্বজনদের দাবির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা শুরু হয় এবং এলক্ষ্যে মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউমেনিটেরিয়ার রেসপন্স প্রোগ্রামের (এমপিএইচআরপি) সঙ্গে যোগাযোগ রাখা হয়, আলোচনা হয় মালয়েশিয়া সরকারের সঙ্গেও।  

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে সাধারণত মুক্তিপণ দিয়েই নাবিকদের উদ্ধার করতে হয়। তবে নীতিগতভাবে কোনো দেশের সরকারই জলদস্যুদের মুক্তিপণ দিতে পারে না।

তাই স্বদেশী এই নাবিকদের উদ্ধারে এমপিএইচআরপি’র দ্বারস্ত হয় বাংলাদেশ সরকার। সংস্থার কর্মকর্তারা বাংলাদেশে এসে চট্টগ্রামে গিয়ে জিম্মি নাবিকদের উদ্বেগাকূল পরিবারের সঙ্গে কথাও বলেন।  

৭ নাবিককে উদ্ধারে প্রচেষ্টা চালানোর জন্য এমপিএইচআরপিকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।