২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি’

সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 11:29 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, “সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে।”

জাতীয় পার্টির এ কে মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ভয়ংকর মাদক ইয়াবা পাচার রোধে গত বছরের ২০ অক্টোবর কক্সবাজারের টেকনাফ উপজেলায় নয়জন জনবল নিয়ে একটি অস্থায়ী সার্কেল অফিস স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা ইয়াবা বিরোধী অভিযান জোরদার করেছে।”

“কক্সবাজার সীমান্তে বিজিবির টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর ফলে সেখানে বিপুল পরিমান ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য আটক করা হয়েছে। টাস্কফোর্স সীমান্তের সন্দেহজনক বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।”

তিনি বলেন, এসব কারণে মাদকদ্রব্যের অনুপ্রবেশ কমে এসেছে। কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তল্লাশি চৌকিতে বিজিবির নেতৃত্বে প্রশিক্ষিত কুকুর দিয়ে ইয়াবাসহ অন্যান্য মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, “কোস্টগার্ড নিয়মিত অভিযানের পাশাপাশি কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন ও শাহপরী দ্বীপে ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করছে।”

ভারত থেকে ফেনসিডিল পাচার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “ভারত সরকার সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে ফেনসিডিল কারখানা স্থাপন না করার নির্দেশ দিয়েছে।

“গত বছরের ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিএসএফের কাছে ফেনসিডিল  কারখানার একটি তালিকা হস্তান্তর করে সেগুলো ধ্বংস করার অনুরোধ জানানো হয়েছে।”

আওয়ামী লীগের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, ২০১২-১৩ অর্থবছর থেকে সরকার ‘দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, “২০১৩-১৪ অর্থবছরে ২১টি জেলায় এ কর্মসূচি সম্প্রসারণপূর্বক বাস্তবায়িত হচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশের ৩৫টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে।”