বেনাপোলে নারী-শিশুসহ আটক ৩১
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলে নারী ও শিশুসহ ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সারাদিন পুটখালি সীমান্তে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
আটকদের মধ্যে ১৬ জন পুরুষ, ১১ জন নারী এবং চার জন শিশু রয়েছে। তবে তাদের সঙ্গে সাথে থাকা পাচারকারী দালাল চক্রের সদস্যরা পালিয়ে গেছে।
আটকদের বাড়ি নড়াইল, বরিশাল, মাগুরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
এ সময় পুটখালি সীমান্তের চরেরমাঠ ও দৌলতপুর সীমান্ত দিয়ে তাদের পাচারকালে বিজিবির টহলদল তাদের আটক করে।
পরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় বলে বিজিবি কর্মকর্তা জানান।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বৃহৎ সীমান্ত হওয়ায় এ পথে অবৈধভাবে পারাপারে জন্য মানুষ চেষ্টা করে। তবে বিজিবি সতর্ক থাকায় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তারা আটক হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক শরীফ হাবিবুর রহমান হাবিব জানান, এ ব্যাপারে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
