ফেনীতে কলেজছাত্রকে আটকে মুক্তিপণ দাবি
ফেনীতে শহরে নিজের ভাগ্নেকে আটকে রেখে এক ব্যক্তি ৬৫ লাখ টাকা দাবি করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
ফেনী সদরের মধ্যম মধুপুরের জামাল উদ্দিন মুন্সী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
পুলিশ বুধবার দুপুরে খালেদ হোসেনকে আটক করেছে।
ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, নিখোঁজ হওয়ার পর তৌহিদের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার পরিবার থানায় মৌখিক অভিযোগ করে।
রাতে অপহরণকারীরা তৌহিদুলের পরিবারের কাছে ০১৫৫৪৯২৮১৬০ নম্বর থেকে ফোন করে তৌহিদুলের মুক্তির বিনিময়ে ৬৫ লাখ টাকা দাবি করে।
ওসি বলেন, বুধবার দুপুরে শহরের পাঁচগাছিয়া রোডের টিএনটি অফিস সংলগ্ন আলম ম্যানশান থেকে খালেদ হোসেনকে এ ঘটনায় আটক করা হয়েছে।
তৌহিদুলের বাবা সিরাজুল ইসলাম জানান, কাতার প্রবাসী তার বড় ছেলে সাইফুল ইসলামকে জামিনদার করে তার ম্যালক শামছুল আলম দুই মাস আগে এক জনের কাছ থেকে ৪৮ লাখ টাকা নিয়ে কাতার থেকে দেশে চলে আসেন। সেই টাকা ফেরত দেয়ার জন্য শামছুল আলমকে চাপ দিলে শামছুল আলম উল্টো সিরাজুল ইসলামের কাছে ৬৫ লাখ টাকা দাবি করেন।
এর জেরে তৌহিদুল ইসলামকে অপহরণ করে থাকতে পারে বলে তিনি মনে করেন।
তৌহিদুল ইসলাম চট্টগ্রাম মহসিন কলেজর বিবিএস প্রথম বর্ষের ছাত্র। ছুটিতে ফেনী এসেছিলেন।
