১৪ র্যাবকে ক্যাম্পে হস্তান্তর
মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে সাদা পোশাকে অভিযানে গিয়ে ডাকাত সন্দেহে আটক র্যাবের ১৪ সদস্যকে পুলিশ র্যাব ক্যাম্পে হস্তান্তর করেছে।
মঙ্গলবার রাত ২টার দিকে দক্ষিণ শালজানা গ্রামে তাদের আটক করা হয়।
বুধবার সকালে শিবালয় থানা পুলিশ তাদের র্যাব-৪ এর ক্যাম্প কমান্ডারের কাছে হস্তান্তর করে।
তবে কী কারণে র্যাব সদস্যরা ওই গ্রামে অভিযানে গিয়েছিলেন তা জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে র্যাবেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১৪ র্যাব সদস্য হলেন সদর দপ্তরের মেজর এইচ এম সেলিমুজ্জামান, লেফটেন্যান্ট সরফরাজ, লেফটেন্যান্ট কর্পোরাল ওয়াজ উদ্দিন, লেফটেন্যান্ট কর্পোরাল আলমগীর, সৈনিক শফিক, র্যাব-৪ এর সাভার ক্যাম্পের ডিএডি এনামুল, সার্জেন্ট আলমগীর, এসআই হানিফ, এএসআই ইউনুস, কর্পোরাল কাবিরুল, কর্পোরাল রফিক, সৈনিক আজিবুল, সৈনিক দিদার ও কনস্টেবল শাহবুর।
এ সময় ওই কাঁচা রাস্তায় মাইক্রোবাসটির সামনের চাকা আটকে পড়ে। পরে ওই বাড়ি থেকে একটি ঢেঁকি নিয়ে গাড়িটি উদ্ধারের সময় বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার দেন।
পরে আশেপাশের লোকজন এসে তাদের আটক করে।
খবর পেয়ে সাভার র্যাব ক্যাম্পের ওই নয় সদস্য ঘটনাস্থলে গেলে তাদেরকেও আটক করে এলাকাবাসী।
ভোর ৫টার দিকে তিনিসহ (ওসি রকিবুজ্জামান) আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ওই র্যাব সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-৪ এর সাভার ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মন্ডল শিবালয় থানায় যান। এরপর তার কাছে র্যাবের ওই ১৪ সদস্যকে হস্তান্তর করা হয়।
এক প্রশ্নের জবাবে ওসি রকিবুজ্জামান বলেন, অভিযান পরিচালনার জন্য তারা সেখানে গিয়েছিলেন। তবে কী কারণে সেখানে অভিযানে আসা হয় তা র্যাবের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।
সেখানে অভিযানের আগে স্থানীয় থানাকে অবহিত করা হয়নি বলেও ওসি রকিবুজ্জামান জানান।
এ ব্যাপারে র্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
