২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরে রিহ্যাব নেতাদের দেখা পাননি সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরীর উন্নয়ন বিষয়ে আলোচনার জন্য গত পাঁচ বছরে একবারও আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব চট্টগ্রামের নেতাদের দেখা পাননি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার দুপুরে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৪ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে প্যানেল আলোচক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম এ ক্ষোভের কথা জানান।

‘বাংলাদেশে আবাসন ব্যবসার গতিপ্রকৃতি এবং উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় আবদুচ ছালাম বলেন, “সিডিএর সঙ্গে রিহ্যাবের যোগাযোগ সরাসরি। আমাদের প্ল্যান না নিয়ে কোনো প্রকল্প করা যায় না।

“গত পাঁচ বছরে বারবার অনুরোধ করেছি, আমার সঙ্গে একবার দেখা করার জন্য। রিহ্যাব নেতারা আসেননি। তারা মনে করছেন সিডিএ চেয়ারম্যান তো আমলা নন, তিনি দায়িত্ব নিয়েছেন সরকারের ভিশন টোয়েন্টি-টোয়েন্টিওয়ান বাস্তবায়নের জন্য।”

রিহ্যাব নেতাদের অনাগ্রহের কারণ ব্যাখ্যা করে আবদুচ ছালাম বলেন, “তারা ভেবেছেন যদি চেয়ারম্যানের সঙ্গে দেখা করি, অথরাইজেশন অফিসাররা হয়ত স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। পরে চেয়ারম্যান চলে গেলে ঝামেলায় পড়তে হতে পারে।

“তা না হলে কেউ দাওয়াত গ্রহণ করবে না কেন? উনারা যদি পথ চলতে ভুল করেন, তবে শুধু গোলটেবিল আলোচনায় সমস্যার সমাধান সম্ভব না।”

সিডিএ চেয়ারম্যান হিসেবে গৃহীত উন্নয়ন প্রকল্পের উদাহরন টেনে সিডিএ চেয়ারম্যান বলেন, নগরীতে পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন অসম্ভব ছিল। এ অসম্ভবকে সম্ভব করা হয়েছে কৌশলে।

“আপনাদের কৌশল আপনাদেরই ঠিক করতে হবে। না হলে আপনারা শুধু বলবেন, আমরা শুধু শুনব।”  

আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এত ডেভলপার কেন? এখানে বেশি লাভ? আমজনতা মনে করে এই খাতে অনেক লাভ।

“দায়িত্বে থাকায় আমাকে বেশি শুনতে হয়, কম বলতে হয়। মন্ত্রী এলে আপনারা হয়তো কিছু আশ্বাস পেতেন। তার অনুরোধেই আমি এসেছি। তবে আমার আশ্বাস দেয়ার কোনো ক্ষমতা নেই।”

আয়োজকরা জানান, অসুস্থতার কারণে অনুপস্থিত ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ টেলিফোনে অনুরোধ করলে আলোচনা শুরুর এক ঘণ্টা পর তাতে যোগ দেন আবদুচ ছালাম। 

আলোচনায় বক্তারা বলেন, ২০০৭ সালের চট্টগ্রাম ড্যাপের গেজেট হলেও পরে তা স্থগিত হয়ে যায়। প্রস্তাবিত চারটি উপশহর, দুটি রিং রোডসহ কোনো প্রকল্পই বাস্তবায়িত হয়নি।

তারা বলেন, দেশে যে কোনো অবকাঠামো উন্নয়নের ক্ষমতা রিহ্যাব সদস্যদের আছে। কিন্তু সরকারি নীতিমালার গণ্ডিতে তারা আটকে আছে।

নির্দেশনা, নীতিমালা ও ব্যাংক ঋণের সুবিধা পেলে দেশের পাশাপাশি আফ্রিকার দেশগুলোতে অবকাঠামো খাতে কাজ করতে রিহ্যাব সক্ষম বলে দাবি করেন সংগঠনের নেতা।

আলোচনা শেষে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম যখন কুশল বিনিময় করছিলেন তখন রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান আবু সুফিয়ান সেখানে গিয়ে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সহাস্যে কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিআইয়ের পরিচালক এম এ সালাম, রিহ্যাবের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হক, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।