‘৬ দফা থেকে সরে গেছে সরকার’
জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করাসহ গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবির প্রতি সরকারের পক্ষ থেকে এক সময় সমর্থন জানানো হলেও সে অবস্থান থেকে তারা সরে গেছে বলে অভিযোগ করেছেন ইমরান এইচ সরকার।
‘ঘরে ঘরে গণজাগরণ’ কর্মসূচির আওতায় বুধবার গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় প্রচারপত্র ও পোস্টার বিতরণের সময় একথা বলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
ইমরান বলেন, “সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে যে তারা সরে গেছে সে আলামত আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতা ও জামায়াত নিষিদ্ধের সরকারের যে প্রতিশ্রুতি সে অবস্থান থেকে তাদের সরে যাওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে তা পরিষ্কার হচ্ছে।”
এ সময় সিপিবির জেলা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বাদলসহ গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ত্বরান্বিত ও জামায়াত নিষিদ্ধসহ ছয়দফা দাবির পক্ষে জনমত তৈরিতে দিনব্যাপী গাজীপুরে প্রচারণা কর্মসূচি চালায় গণজাগরণ মঞ্চ।
সকাল ১০টায় টঙ্গীবাজার থেকে কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় টঙ্গী কলেজ গেইট, দুপুর ১২টায় বোর্ডবাজার, ১টায় ভোগড়া বাইপাস মোড় এলাকায় প্রচারপত্র বিলি ও জনসংযোগ করে তারা।
এরপর বিকেল ৩টা থেকে জয়দেবপুর বাজার, জয়দেবপুর বাসস্ট্যান্ড ও শিববাড়ি এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা এলাকায় একই কর্মসূচি চালান গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
