২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কৃষি ব্যাংকে জালিয়াতি, আটক ১

কৃষকের নামে ভুয়া ঋণ দেখিয়ে কৃষি ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরায় ব্যাংকটির এক গুদাম রক্ষককে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আটক আকতার হোসেন শ্রীপুর উপজেলার শস্য গুদাম ঋণ প্রকল্পের গুদাম রক্ষকের দায়িত্বে আছেন।  

কৃষি ব্যাংকের শ্রীপুরের সাচিলাপুর শাখার বর্তমান ব্যবস্থাপক বিজন কুমার বিশ্বাসের দায়ের করা মামলায় রাতে আটক করা হয়।

এ মামলার আরেক আসামি কৃষি ব্যাংক সাচিলাপুর শাখার সাবেক ব্যবস্থাপক আছাদুজ্জামান পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার ওসি আওলাদ হোসেন জানান, কৃষি ব্যাংকের সাচিলাপুর শাখার সাবেক ব্যবস্থাপক আছাদুজ্জামান ২০১২ সালে সেখানে কর্মরত অবস্থায় আকতার হোসেনের যোগসাজসে কৃষকের নামে ভুয়া ভাউচার তৈরি করে গুদামে ফসল মজুদ দেখান ও ওই শাখা থেকে ঋণ বাবদ মোট ৩৪ লাখ টাকা উত্তোলন করেন।

এছাড়া তিনি একই ব্যাংকের একটি ভুয়া হিসাব নম্বরে (নম্বর ৫৬৩৫) জাল টিটি দেখিয়ে কর্মরত থাকা অবস্থায় ৫৫ লাখ ৭৩ হাজার ১৭১ টাকা তুলে আত্মসাৎ করেন।

সম্প্রতি ওই হিসাব নম্বরে বাগেরহাটের কলাতলা কৃষি ব্যাংক শাখা থেকে ৮ লাখ ৭১ টাকার একটি টিটি আসে। এ বিষয়ে সাচিলাপুর কৃষি ব্যাংকের বর্তমান ম্যানেজার বাগেরহাটের ওই ব্যাংকের ব্যবস্থাপককে ফোন দিলে বিষয়টি ভুয়া বলে ধরা পড়ে এবং তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

এরপর বিষয়টির তদন্তে ওই হিসাব নম্বরে আগের সব টিটি ভুয়া বলে ধরা পড়ে।

এই জালিয়াতির ঘটনায় ব্যাংকের এ শাখার বর্তমান ব্যবস্থাপক বিজন কুমার বিশ্বাস সাবেক ব্যাবস্থাপক আছাদুজ্জামান ও গুদাম রক্ষক আকতার হোসেনকে আসামি করে শ্রীপুর থানায় মঙ্গলবার রাতে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এস আই বেলায়েত হোসেন বলেন, আসাদুজ্জামানকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকতার হোসেন ব্যাংক ঋণ জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন।

মামলার বাদী সচিলাপুর কৃষি ব্যাংক শাখার বর্তমান ব্যবস্থাপক বিজন কুমার বিশ্বাস বলেন, এ দুই আসামি ব্যাংকে আরো কোনো জালিয়াতি করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে।