২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ঝড়, ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে ঝড়ের সময় গাছচাপায় ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 05:26 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার সকালে ঝড়ের সময় শিবগঞ্জের চামাটোলা গ্রামে গাছচাপায় এক কিশোর ও রানীবাড়ী চাঁদপুর গ্রামে বজ্রপাতে এক তরুণীর মৃত্যু হয়।

এরা হলেন  বিনোদপুর ইউনিয়নের চামাটোলা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে কাওসার আলী (১২) ও চককীর্তী ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের অনিল চন্দ্র প্রামানিকের মেয়ে মিনতি রানী প্রামানিক (২২)।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহবুল হোসেন বলেন, সকাল ৭টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ে শতাধিক গাছ উপড়ে গেছে এবং প্রায় শতাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় আম কুড়াতে গিয়ে চামাটোলা গ্রামে গাছ চাপায় কাউসার ঘটনাস্থলেই মারা যায়।

চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার-ই আলম বলেন, ঝড়ের সময় আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান মিনতি। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার মামুন জানান, গোমস্তাপুর উপজেলায় প্রায় শতাধিক গাছপালা উপড়ে গেছে এবং প্রায় অর্ধশতাধিক কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় আটজন আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।