চারঘাট উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
মামলার অভিযুক্ত হওয়ায় রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আবু সাঈদ চাঁদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুপুরে ফ্যাক্সযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সবুর হোসেন স্বাক্ষরিত বরখাস্তের এ আদেশ পেয়েছেন বলে জানান আবু সাঈদ চাঁদ।
গত ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি।
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন বলেন, ফ্যাক্সযোগে সাময়িক বরখাস্তের আদেশ তিনি পেয়েছেন।
এ ব্যাপারে আবু সাঈদ চাঁদ বলেন, চারটি মামলার অভিযোগপত্রে তাকে আসামি করা হলেও আদালত এখনো অভিযোগপত্রগুলো আমলে নেয়নি। অথচ তার আগেই তাকে বরখাস্ত করা হলো।
এ নিয়ে তিনি হাই কোর্টে রিট করবেন বলে জানান।
চারঘাট মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, চারঘাট উপজেলা এলাকায় পুলিশের উপর হামলাসহ নাশকতার অভিযোগে দায়ের করা চারটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। গত দুই মাসের মধ্যে এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
ওসি বলেন, ২০১১ সালে চারঘাট বাজারে ১৮ দলের হরতালে পুলিশের উপর হামলা, ২০১২ সালে হরতালে উপজেলার হলিদাগাছিতে চারটি মোটরসাইকেল অগ্নিসংযোগে চারঘাট থানায় দুইটি মামলা হয়।
২০১২ সালের সারদা স্টেশনে উত্তরা এক্সেপ্রেসে ট্রেনে আগুন ও ২০১৩ সালে উপজেলার শলুয়াতে রেললাইন উপড়ে ফেলার ঘটনায় রেলওয়ে পুলিশের (জিআরপি) ঈশ্বরদী থানায় দুইটি মামলা হয়।
এ চার মামলার অভিযোগপত্রে আবু সাঈদকে তাকে আসামি করা হয়।
