২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে টর্নোডোর আঘাতে নিহত ২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় টর্নোডোর আঘাতে দুই জন নিহত ও আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে প্রায় পাঁচ শতাধিক কাঁচা-পাকা ঘর বাড়ি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 01:51 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সাতোড়, দাদপুর ও ঘোষপুর এই তিন ইউনিয়নের ৩০টি গ্রামের উপর দিয়ে প্রায় ১০ মিনিট ধরে টর্নোডো বয়ে যায়।

ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সুর্যল আমিন টর্নোডোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন মুসা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টর্নোডোতে নিহতদের পরিচয় জানিয়েছেন।

তারা হলেন, সাতোড় ইউনিয়নের মৃত হিসানদি শেখের ছেলে কৃষক বাবলু শেখ (৪০) ও মোহন পরামানিকের মেয়ে পিয়া (১৫)। পিয়া সাতোড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন বোয়ালমারী উপজেলা ইউএনও সাইদুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান ও জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের তালিকাও করবেন।

পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে সহায়তা দেয়া হবে।