২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীকে কুপিয়ে হত্যা

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ডাকাতের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 12:50 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার সময় আনোয়ারা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে কর্পোরেশনের হাতিয়াব এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম সাবেক কাউলতিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেনের মা।

জয়দেবপুর থানার এসআই মো. বাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতরা পালিয়ে যাবার সময় ওই বাড়ির একটি মোটরসাইকেলে আগুন দেয়।

বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই বাছির উদ্দিন জানান, কাউলতিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে রাত সাড়ে ৩টার দিকে ৮/১০ জনের এক দল ডাকাত হানা দেয়।

তারা আনোয়ারের মায়ের ঘরে ঢুকে একটি মোটরসাইকেল বের করে নেয়। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে পালিয়ে যাবার সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আনোয়ারা বেগমকে হত্যা করে।

পরে লোকজন আসার আগে ডাকাতদল মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

ডাকাতদের চিনে ফেলার কারণেই এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে ধারণা করছেন এসআই।