২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 12:40 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার সকাল সাড়ে ১০টায মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভার শুরুতে মন্ত্রী বলেন, “সার্বিকভাবে আপনাদের পরামর্শ জানতে চাই। ভবিষ্যত চলার পরামর্শ আপনাদের কাছে জানতে চাই। আজকের সভা একটি মৌলিক সভা।”

প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনকারী ড. মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষাবিদ রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, অর্থনীতিবিদ এমএম আকাশ, কাজী খলিকুজ্জামান, অধ্যাপক হারুন-অর-রশীদ ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন প্রমুখ বৈঠকে উপস্থিত রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে এই সভা হচ্ছে।

Image
প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কর্মসূচিতে মুহাম্মদ জাফর ইকবাল

প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কর্মসূচিতে মুহাম্মদ জাফর ইকবাল

এবারের এইচএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করে সরকার।

তবে চলতি এইচএসসির পদার্থ, রসায়ন, গণিতসহ কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রশ্ন ফাঁসের ‘প্রমাণ’ দিয়ে জাফর ইকবাল চারটি নিবন্ধ লেখেন। জাফর ইকবালের তিনটি নিবন্ধ গণমাধ্যমে প্রকাশের পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও একটি লেখায় তার জবাব দেন।

কিন্তু সরকারের পক্ষ থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা স্বীকার না করায় গত ২৯ মে ও ৬ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন জাফর ইকবাল। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।