জাহাজের ক্রেনের তার ছিড়ে ২ শ্রমিকের মৃত্যু
বাগেরহাটের মংলা সমুদ্র বন্দরে জাহাজ থেকে মাল খালাস করার সময় ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিকের মৃত্য হয়েছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে বন্দরের বেজ ক্রিক-৩ এলাকায় পশুর নদীতে অবস্থানরত হংকং এর পতাকাবাহী এমভি হ্যান জিং জাহাজে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মংলা বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং দুর্ঘটনার পর থেকে জাহাজে মালামাল খালাস কাজ বন্ধ রয়েছে।
আমদানি করা বিভিন্ন যন্ত্রাংশ (মেশিনারি টুলস) নিয়ে জাহাজটি গত ৮ জুন মংলা বন্দরে আসে।
নিহতরা হলেন, ফোরম্যান মতিন (৫২) এবং টালি ক্লার্ক জাকির হোসেন (৩৬)
পণ্য খালাসে নিয়োজিত নূরু অ্যান্ড সন্সের স্বত্ত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, সকালে ১২-১৩ জন শ্রমিক ওই জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু করে। সকাল পৌনে ৯টার দিকে আকস্মিক জাহাজটির একটি ক্রেনের তার ছিড়ে ফোরম্যান মতিন মালামালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে গুরুতর আহত জাকির নামে আরেক শ্রমিকও মারা যায়।
মংলা থানার ওসি মো. বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভুইঞা বলেন, “ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। ঘটনাস্থল বন্দরের মূল জেটি থেকে নৌপথে প্রায় ১৩ কিলোমিটার দূরে। পরিস্থিতি জানার জন্য সেখানে লোক পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
বন্দর চেয়ারম্যান অভিযোগ করেন, এত বড় একটি দুর্ঘটনার বিষয়ে সকাল সোয়া ১১টা পর্যন্ত ওই জাহাজের পণ্য খালাসকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়নি।
চেয়ারম্যানের এ অভিযোগ প্রসঙ্গে নূরু অ্যান্ড সন্সের স্বত্ত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, “বন্দর কর্তৃপক্ষকে ঘটনা জানানো একটি রুটিন কাজ। কিন্তু সমস্যা দ্রুত নিরসনে এবং লাশ উদ্ধারের জন্য পুলিশকে ঘটনা সম্পর্কে আগে জানানো জরুরি মনে করেছি। সেই অনুযায়ী মংলা থানাকে আগে ঘটনা সম্পর্কে জানিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।”
