ভোলায় বাসচাপায় নিহত ৬
ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাজারে উঠে গেলে এর নিচে চাপা পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের জনতা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুনও ধরিয়ে দিয়েছে। সেই সঙ্গে সড়কও অবরোধ করে।
দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর কথা জানিয়ে ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
নিহতরা হলেন- কাঞ্চন, হাবিব, সাইফুল, আমির, আনিস ও হাদিস। এর মধ্যে কাঞ্চন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের আব্দুল লতিফের ছেলে। অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুভ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে উঠে গেলে চাকায় পিষ্ট হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান, আহত হন বেশ কয়েকজন।
আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো পাঁচজনের মৃত্যু হয়।
এর পরপরই বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
আগুন নেভাতে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা গেলে তাদের ওপরও স্থানীয়রা হামলা চালায় বলে পুলিশ সুপার জানান।
অগ্নিনির্বাপক বাহিনীর গাড়িচালক আব্দুল খালেক, ফায়ারম্যান মাহাবুব, টিপু, ফিরোজ ও আব্দুল হক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশালে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় মঙ্গলবার রাতে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক নারী ও তার শিশুসসন্তান।
রাত ১০টার দিকে আটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন।
নিহতরা হলেন- মিলি বেগম (২২) ও তাহিয়া (৩)। মিলির স্বামী আমিরুল ইসলাম এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার কাশীপুরে।
ওসি আনোয়ার হোসেন বলেন, আমিরুল স্ত্রী-সন্তান নিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে মিলি ও তাহিয়া রাস্তায় ছিটকে পড়েন। ওই সময় একটি ট্রাক তাদের ওপর দিকে চলে যায়।
ট্রাকচাপায় মিলি ও তাহিয়া ঘটনাস্থলেই মারা যান।
ঝালকাঠীতে বাসচাপায় শিশু নিহত
ঝালকাঠীর নলছিটি বাসচাপায় এক মোটর সাইকেল চালক এবং দেড় বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ঝালকাঠী-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় বিআরটিসির বাসচাপায় তারা ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম (২৫)ঝালকাঠী শহরের কৃষ্ণকাঠী এলাকার নূর হোসেনের ছেলে।
নিহত ছেলেটির নাম ইয়ামিন। ভাড়ায়চালিত মোটর সাইকেলে বাবা সোহেল হোসেন ও মা ইয়াসমিন বেগমের সঙ্গে যাচ্ছিল সে। তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঠেঙ্গামারা গ্রামে।
ডিবির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দম্পতি শিশুটিকে নিয়ে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেলেযোগে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
“ভৈরবপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি পরিবহনের বাসটি মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও ওই শিশু মারা যায়।”
আহত দম্পতিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বিআরটিসি বাসটি ভাংচুর করে। তাদের অবরোধে ঘণ্টাখানেক মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনাস্থলে গিয়ে সড়কে গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়।
