‘পটকা মাছ খেয়ে’ যুবকের মৃত্যু
ঝালকাঠীতে পটকা মাছ খাওয়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এ ঘটনায় অসুস্থ একই পরিবারের পাঁচ সদস্যকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত রাজিব হোসেন সিকদার (২০) জেলা শহরের লঞ্চঘাট এলাকার সুলতান হোসেন খানের ছেলে।
ঝালকাঠী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মানষ কুমার কুন্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে মাছ খাওয়ার পর বিষক্রিয়াতেই এ যুবকের মৃত্যু হয়েছে।
ঝালকাঠী সদর থানার ওসি শীল মনি চাকমা বলেন, নদীতে মাছ বহনকারী একটি ট্রলার থেকে সকালে কয়েকটি পটকা মাছ ফেলে যায় মাছ ব্যবসায়ীরা।
মাছগুলো সংগ্রহ করে নিয়ে যায় ওই পরিবারের সদস্যরা।
ওসি বলেন, মাছগুলো খাওয়ার পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। জেলা সদর হাসপাতালে নেয়ার পর বিকালে রাজিবের মৃত্যু হয়।
