বৃক্ষ রোপণে একযোগে কাজের আহ্বান রাষ্ট্রপতির
বৃক্ষ রোপণের সংস্কৃতিকে অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৪’ উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি বলেন, “বৃক্ষরোপণ বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির অংশ। এ ধারাকে অব্যাহত রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
রাষ্ট্রপতি বলেন, “বৃক্ষমেলায় ফলদ, ভেষজসহ নানা প্রজাতির চারার বিপুল সমারোহ ঘটে। তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানকে সফল করার জন্য সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন।”
বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে বর্ষা মৌসুমে কমপক্ষে ১টি করে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ ও সংরক্ষণের রাষ্ট্রপতি দেশবাসী প্রতি আহ্বান জানান।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর প্রভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
“এর ফলে বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মত প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ ও অর্থনীতি। উদ্বাস্তু হচ্ছে মানুষ। পাড়ি জমাচ্ছে শহরে।”
আবদুল হামিদ এ সময় সারাদেশে পরিকল্পিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ ও সংরক্ষণের ওপর জোর দেন তিনি।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “আমার বিশ্বাস এ কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনজ সম্পদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বন মহাপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দেশের ২০ শতাংশ ভূমি বনায়নের আওতায় আসবে।”
বঙ্গভবনে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
রাষ্ট্রপতি এ সময় বঙ্গভবন চত্বরে একটি আগরের চারা রোপণ করেন।
