২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুকের কারণে নির্যাতন’, গৃহবধূর আত্মহত্যা  

বরগুনার তালতলী  উপজেলায় যৌতুকের কারণে নির্যাতনের শিকার এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার বিকালে মিনিপাড়া গ্রামে মৃত সোনিয়া আক্তার (১৮) একই উপজেলার লাউপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন খানের মেয়ে।

জাহাঙ্গীর হোসেন খান জানান, গত বছরের জ্যৈষ্ঠ মাসে সোনিয়ার সঙ্গে মিনিপাড়া গ্রামের এসমাইল বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৬০ হাজার টাকা যৌতুকের দাবিতে সোনিয়াকে তার স্বামী মারধর করত।

তিনি আরো বলেন, সোমবার সকালে সোনিয়াকে এসমাইল আবার মারধর করে। শ্বশুর আলমগীর বিশ্বাসকে জানালে শ্বশুরও তাকে মারধর করে টাকা আনতে বলে।

সোনিয়া কথাগুলো ফোনে বাবাকে জানালে তিনি শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে চলতে বলেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, এতে শ্বশুরবাড়ির লোকদের উপর ক্ষোভ এবং বাবার উপর অভিমান করে দুপুরের দিকে সোনিয়া বিষপাণ করেন।

মূমুর্ষূ অবস্থায় তাকে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।

তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে।

সোনিয়ার পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।