টাঙ্গাইলে আদম ব্যবসায়ী খুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক আদম ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই নূর হোসেন জানিয়েছেন, নিহত আনিসুর রহমান (৩৫) বাঁশতৈল ইউনিয়নের অভিরাম গ্রামের জয়ের উদ্দিনের ছেলে।
তিনি আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার সকাল ১১টায় ওই গ্রামের বাড়ি থেকে আনিসুরের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আনিসুরের স্ত্রী ফিরোজা বেগম বলেন, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি আনিসুরকে মোবাইল ফোনে বন্ধু পরিচয়ে তাদের বাড়িতে বেড়াতে আসার কথা বলে। রাত ১২টার দিকে তারা বাড়িতে এলে আনিস তাকে (ফিরোজাকে) পাশের বাড়িতে ঘুমাতে বলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফিরোজা বাড়িতে গিয়ে ঘরের ভেতর আনিসুরের মৃতদেহ দেখতে পান। পরে প্রতিবেশীরা এসে বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
এসআই নূর হোসেন বলেন, দুর্বৃত্তরা আনিসুরকে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
