২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে ৮০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত কেজি সোনা পাচারের সঙ্গে জড়িত দুই জনকে ৮০টি সোনার বারসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 12:04 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

গ্রেপ্তাররা হলেন, এ কে এম শামসুদ্দিন (৫১) ও মো. কামরুল ইসলাম (৪১)।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, সোমবার রাতে পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এরপর নয়া পল্টনে শামসুদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তার শয়নকক্ষ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ওজন ৯ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে শত কেজির যে সোনার চালান উদ্ধার হয়েছিল গ্রেপ্তাররা সে চোরাচালান চক্রের ‘সক্রিয়’ সদস্য।

গত ২রা জুলাই গোয়েন্দা পুলিশ ওই সোনা চোরাচালানের ‘মূলহোতা’ নজরুল ইসলাম লিটনকে পল্টনের নিজ বাসা থেকে ৭০ পিস সোনার বারসহ গ্রেপ্তার করেছিল। একই দিন শাহজালাল বিমানবন্দর থেকে তার নয় সহযোগীও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

পরে গ্রেপ্তার নজরুলসহ তিনজন বিমানবন্দরে আটক ১০৫ কেজি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই সোমবার ওই দুই জনকে আটক করা হয়েছে বলে জানান মনিরুল।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত শামসুদ্দিন পল্টন থানা এলাকার ‘আমিন মানি এক্সচেঞ্জ ও কামরুল ‘সিটি মানি এক্সচেঞ্জ’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

দীর্ঘদিন হুন্ডি ব্যবসায় জড়িত থাকার পর অধিক লাভের আশায় তারা সোনা চোরাচালানে যুক্ত হয় বলে পুলিশকে জানিয়েছে।

গত ২৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি বিমান থেকে ১০৫ কেজি ৪০০ গ্রাম ওজনের ৯০৪ পিস সোনার বার উদ্ধার করে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা।

এ ঘটনায় বিমানের ইঞ্জিনিয়ানিং বিভাগের কর্মচারী আনিছ উদ্দীন ভূঁইয়াকেও আটকের পর থানায় সোপর্দ করেছিল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের উপ কমিশনার নাজমুল আলম, উপ কমিশনার মাসুদুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আবদুল আহাদ।