চট্টগ্রামে অনুমোদনহীন তিন কনভেনশন সেন্টারকে নোটিস
চট্টগ্রামের সিরাজউদ্দৌলা সড়কে অনুমোদনহীন তিন কনভেনশন সেন্টারকে ১৫ দিনের মধ্যে অন্যত্র সরে যেতে নোটিশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার দুপুরে নগরীর সিরাজদ্দৌলা সড়কের চকবাজার থেকে জয়নগর পর্যন্ত অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সময় এ নোটিস দেয়া হয়।
ওই তিন কনভেনশন সেন্টার হল- প্যারাগন কনভেনশন হল, হাফিজ পার্ক ও সাফা আর্কেড।
এরমধ্যে প্যরাগন কনভেনশন হল, একটি বেসরকারি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান নির্মিত বহুতল ভবনের দ্বিতীয় তলায় এবং হাফিজ পার্ক একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত।
এছাড়া সাফা আর্কেড নামের বহুতল ভবনটি পুরোটাই কনভেনশন সেন্টার হিসেবে ভাড়া দেয়া হয়।
সিডিএ’র ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান শাহীনুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এতে অংশ নেন সিডিএ’র অথরাইজড অফিসার-২ মোহাম্মদ শামিম, নগর পরিকল্পনাবিদ মো. ঈসা আনছারী, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান খান এবং সিডিএ’র ইমারত পরিদর্শকরা।
অথরাইজড অফিসার-২ মোহাম্মদ শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই তিন কনভেনশন সেন্টারের মালিক ও তাদের প্রতিনিধিকে ১৫ দিনের নোটিশ দেয়া হয়েছে।
“ওই তিন প্রতিষ্ঠান কনভেনশন সেন্টার হিসেবে কোনো অনুমোদন নেয়নি। দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে তিন প্রতিষ্ঠান অনুমোদন নেয়।”
সিডিএ কর্মকর্তা মোহাম্মদ শামিম বলেন, “যেসব স্থানে জনসমাগম ঘটে সেসব ভবন নির্মাণে কিছু শর্ত পূরণ করতে হয়। এরা তো কনভেনশন সেন্টার হিসেবেই অনুমোদন নেয়নি। তাই কোনো শর্তই পূরণ করেনি।
“রানা প্লাজার ঘটনার পর জন সমাগম ঘটে এমন ভবনগুলোর নকশা ও অনুমোদন বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। পর্যায়ক্রমে নগরীর সব কনভেনশন সেন্টার ও স্কুল-কলেজ এবং হাসপাতালে অভিযান চালানো হবে।”
সোমবার অভিযান চলাকালে সিরাজদ্দৌলা সড়কের উভয় পাশের বিভিন্ন অংশে মোট পাঁচটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের দখল হয়ে যাওয়া ফুটপাতও দখলমুক্ত করা হয়।
