লালমনিরহাটে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু
লালমনিরহাটে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে মৃত দুই শিশু হলো নূর ইসলামের ছেলে নীরব (৬) ও জামাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম রফিক (৫)।
শিশুদের পরিবারের সদস্যরা জানান, বিকালে ওই দুই শিশু খেলতে খেলতে রাস্তায় পাশে ডোবায় নেমে ডুবে যায়।
স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, সন্ধ্যায় শিশু দুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
