ছবি তুলে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ৫
‘বিবস্ত্র ছবি’ তুলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রামে দুই নারীসহ পাঁচ ‘প্রতারককে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর কসমোপলিটন আবাসিক এলাকা থেকে রোববার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- জোবেদা আক্তার জয়া (৪০), তার মেয়ে সুমনা আক্তার শিলা (১৮), জামাতা আতিকুর রহমান সোহেল (২৬), উৎপল চৌধুরী (৩৫) ও সাইদুল মুসলিম সাইমুন (৩০)।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২০ মে পূর্ব পরিচয়ের সূত্র ধরে আকছির উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে কসমোপলিটন এলাকায় জয়ার বাসায় নিয়ে যায় গ্রেপ্তারকৃতরা।
“এসময় তারা জয়ার মেয়ে শীলাকে দিয়ে আকছিরকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা দাবি করে।”
পরে আকছির গ্রেপ্তারকৃতদের আড়াই লাখ টাকা দেন বলে জানান ওসি ওমর ফারুক।
ওসি আবু জাফর বলেন, “এ ঘটনার পর থানায় অভিযোগ জানালে পুলিশ কসমোপলিটন এলাকায় অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করে।”
এ ব্যাপারে আকছির একটি প্রতারণা মামলা করেছেন বলেও জানান ওসি ওমর ফারুক।
