‘অবৈধ সরকারের’ সঙ্গে সংলাপ কীভাবে?
সরকারকে অবৈধ আখ্যায়িত করে বিএনপি এখন সেই সরকারের সঙ্গেই সংলাপে বসতে চায় বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সাভারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে খালেদা জিয়া জানান, সব দলের অংশগ্রহণে আগাম নির্বাচনের জন্য যে কোনো মুহূর্তে সংলাপে রাজি আছেন।
যোগাযোগমন্ত্রী আরো বলেন, সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই। এ জন্যই ৫ জানুয়ারি নির্বাচনের আগে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীসহ দলের পক্ষ থেকে বাববার বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তখন তাদের শুভবুদ্ধির উদয় হয়নি।
মন্ত্রী দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে দুর্ঘটনা ও যানজট রোধে পথচারীদের সচেতন করতে পোস্টার, বিলবোর্ড ও স্টিকার বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান, সংসদ সদস্য এম এ মালেক, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা সার্কেলের প্রধান প্রকৌশলী এম সাহাবুদ্দিনসহ বিআরটিএ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
