২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 11:18 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলোকদিয়া গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে খলিল মিয়া (৬০), আবদুস সামাদের ছেলে ছামিদুল (৩২) ও জালাল মিয়ার ছেলে ছবের মিয়া (৪০)।

আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সদর থেকে ট্রাক ভর্তি ধানের বস্তাসহ ১৫/১৮ জন কৃষিশ্রমিক বাড়িতে যাচ্ছিলেন।

পথে মহাসড়কের বোয়ালী এলাকায় ধান বোঝাই ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক ও ধানের বস্তার চাপায় ওই তিন শ্রমিক নিহত হন।

সার্জেন্ট নাজমুল আরো জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারীকে পাওয়া যায়নি।