২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ছাত্রের লাশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

রোববার সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার মাঝির ঘাট এলাকার জুটরেলি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, বেসরকারি ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র কায়সারুল ইসলাম (২৪) প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

কায়সার গত শুক্রবার বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী নদীর জুটরেলি ঘাট থেকে ভাসমান অবস্থায় কায়সারের লাশ উদ্ধার করা হয়।

তার শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি জানিয়ে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে প্রেমিকার সঙ্গে অভিমান করে কায়সার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

“শুক্রবার বিকালে কায়সারের ছোট ভাই একটি সাধারণ ডায়েরি করে। এসময় মোবাইলে শাহ আমানত ব্রিজ এলাকায় আমরা তার অবস্থান পেয়েছিলাম।”