নিজ থেকে তথ্য প্রকাশে রাজি মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলো
জনগণের তথ্যপ্রাপ্তি সহজ করতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর ‘স্বঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা’ তৈরি করতে একমত হয়েছে।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম’ আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান যাতে স্বঃপ্রণোদিত হয়ে তাদের তথ্য প্রকাশ ও প্রচার করে সে লক্ষ্যে তথ্য কমিশন গত ১৯ মে ‘স্বঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা’ অনুমোদন করে।
নির্দেশিকা অনুসরণ করে সব প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ ও প্রচার করার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার মতবিনিময় সভা আয়োজন করা হয়, যাতে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।
এটুআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ এ নির্দেশিকা অনুসরণের জন্য সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।
“আলোচনা সভায় অংশগ্রহণকারী বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের চিফ ইনোভেশন অফিসারগণ নিজ নিজ দপ্তরের জন্য শিঘ্রই নির্দেশিকা তৈরি করে সে অনুযায়ী তাদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করবেন বলে জানান।”
এটুআই’র উদ্যোগে জাতীয় বাতায়নের আওতায় বাংলাদেশের সব সরকারি কার্যালয়ের জন্য ২৪ হাজারের বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
এসব ওয়েবসাইটে যাতে এই নির্দেশিকা অনুসরণ করা হয়, সে বিষয়ে বিশেষ মনোযোগ দেয়ার কথাও আলোচকরা বলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সাদেকা হালিমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিপ্তরের চিফ ইনোভেশন অফিসার (সিআইও), তথ্য অধিকার ফোরামের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
স্বঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকার মূল নীতি হলো, তথ্যের জন্য জনগণ কোনো প্রতিষ্ঠানের কাছে যাবে না বরং প্রতিষ্ঠানই নিজ উদ্যোগে জনগণের জন্য তথ্য নিয়ে প্রস্তুত থাকবে।
এই নির্দেশিকার উল্লেখযোগ্য দিকগুলো হলো, তথ্য অবশ্যই প্রতিবন্ধীসহ সব ব্যবহারকারীদের উপযোগী হতে হবে, ওয়েবসাইটে নাগরিক সেবার বিবরণ ও সেবা পাওয়ার নিয়মাবলি থাকতে হবে, সংশ্লিষ্ট দপ্তরের আইন, বিধি-বিধান, নোটিস, ম্যানুয়াল, ডকুমেন্ট অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এই নির্দেশিকা কতটুকু, কিভাবে অনুসরণ করা হয়েছে, তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে হবে।
