২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘসূত্রতা এড়াতে সচিবের উদ্যোগ

আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এড়িয়ে কাজে গতি আনতে জনপ্রশাসন সচিব নিজেই গিয়ে তার মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত কৃষি মন্ত্রণালয়ের আটটি বিষয় নিষ্পত্তি করেছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 07:38 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী কৃষিমন্ত্রণালয়ের সচিব এস এস নাজমুল ইসলামসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন জনপ্রশাসন সচিব।

কৃষিমন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই এক ঘন্টার বৈঠকে দুই মন্ত্রণালয়ের মধ্যে নয়টি অনিষ্পন্ন বিষয়ের আটটির নিষ্পত্তি হয়।

এসব বিষয় নিষ্পত্তির জন্য কৃষি মন্ত্রণালয় থেকে ফাইলপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল। এক্ষেত্রে এসব বিষয় নিষ্পত্তিতে অনেক সময় লাগত।

বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে গতি আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “বিভিন্ন মন্ত্রণালয়কে এখন আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ধর্ণা দিতে হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ই নিজেদের উদ্যোগে বিভিন্ন মন্ত্রণালয়ের সমস্যা সমাধান করবে।”

জনপ্রশাসন সচিবের দায়িত্ব নিয়ে এর আগেও একইভাবে স্বাস্থ্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিষয় নিষ্পন্ন করেন কামাল নাসের। উচ্চ আদালতের জনবল সংক্রান্ত কিছু সমস্যারও সমাধান করেছেন তিনি।

টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে শেখ হাসিনাও বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দিক-নির্দেশনা দিচ্ছেন। পর্যায়ক্রমে সবগুলো মন্ত্রণালয়ই পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের নয়টি অনিষ্পত্তি হওয়া বিষয়ের মধ্যে বিএডিসির জনবল উন্নীতকরণ, বিএডিসির ১৯৯০ প্রবিধানমালা সংশোধন, কৃষি মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ এবং মৃত্তিকা সম্পদ উন্নয়নের জনবল পুর্নবিন্যাস সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করেন জনপ্রশাসন সচিব।

এছাড়া কৃষি গবেষণা ইন্সটিটিউটের ডাল গবেষণা উপ-কেন্দ্রের ২০টি পদকে রাজস্ব খাতে সৃজন, রংপুরের বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রকে আঞ্চলিক কেন্দ্রে রূপান্তর, তুলা উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিধিমালা সংশোধন এবং ফলিত পুষ্টি গবেষণা ও ইন্সটিটিউটের ২০টি পদকে রাজস্ব খাতে স্থানান্তর প্রস্তাবের অনুমোদন দেয়া হয় বৈঠকে।