গাজীপুরে গুলি করে অর্ধকোটি টাকা ছিনতাই
গাজীপুর শহরের শিববাড়ী মোড় এলাকায় এক ব্যক্তিকে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, রোববার দুপুরের এ ঘটনায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের স্থানীয় এজেন্টের গুদাম সুপারভাইজার মো. হারুন (৩০) গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয়রা হারুনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হারুন জানান, শহরের মধ্যছায়াবীথি এলাকার অফিস থেকে কভার্ডভ্যানে করে সহকর্মী আমির হোসেন ও মো. আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে শিববাড়ী মোড় এলাকায় সাউথ ইস্ট ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকায় কভার্ডভ্যান থেকে নেমে ব্যাংকে ঢোকার সময় ওৎ পেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারী কয়েক রাউন্ড গুলি করে।
“এ সময় আমি কোমরের বাম পাশে গুলিবিদ্ধ হই। দুর্বৃত্তরা ৪৯ লাখ ২৮ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।”
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের কাউকে পায়নি। লুণ্ঠিত ব্যাগে ৪৯ লাখ ২৮ হাজার টাকা ছিল বলে তারা দাবি করেছেন।
টোব্যাকো কোম্পানির এজেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইমন সরকার জানান, এ ঘটনায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সুরুজ্জামান সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
