আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু
বিশ্বকাপ শুরুর চার দিন আগে নিজের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে তড়িতাহত হয়ে মারা গেছেন আরো এক যুবক।
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মোহাম্মদ সজল (২২)। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাড়ির টিনের ছাদে আজেন্টিনার পতাকা তুলতে গিয়েছিলেন সজল।
“সেখানে একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই সজল বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে যান।”
বিশ্বকাপের আগে ঢাকাসহ সারাদেশেই এখন উড়ছে বিভিন্ন ফুটবল দলের পতাকা। গত ১ জুন আর্জেন্টিনার পতাকা তুলতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরে একই ধরনের দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়।
