মাদারীপুরে ঘুষ নেয়ার অভিযোগে এসআই বরখাস্ত
ঘুষ নেয়ার অভিযোগে মাদারীপুরে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে গত বুধবার রাতে মামলার বাদীর কাছ থেকে ঘুষের টাকা নেয়ার সময় জেলার পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলামের কাছে হাতে-নাতে ধরা পড়েন তিনি।
পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার রাতেই এসআই মাকসুদকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার বিকালের মধ্যে তিনি তার দায়িত্ব কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়ে চলে গেলেও বিষয়টি গোপন থাকে। শুক্রবার সকালে গণমাধ্যমকর্মীদের নজরে আসে বিষয়টি।
পুলিশ কর্মকর্তারা জানান, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মাকসুদ বাদী সালমা বেগমের কাছে ঘুষের টাকা দাবি করলে তিনি বিষয়টি পুলিশ সুপারকে জানান।
এরপর বুধবার রাতে সালমা বেগমের কাছ থেকে পুলিশ সুপারের পকেট থেকে দেয়া আট হাজার টাকা ঘুষ হিসেবে নিয়ে হাতে-নাতে ধরা পড়েন ওই পুলিশ কর্মকর্তা।
