২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুসহ চার বৃহৎ অবকাঠামো এ মেয়াদে

যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের বর্তমান মেয়াদে পদ্মা সেতুসহ চারটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “এ মেয়াদে আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে পদ্মা সেতু নির্মাণ। চুক্তির চার বছরের মধ্যে এই সেতু নির্মাণ শেষ করতে এই মাসেই এ চুক্তি সম্পন্ন হবে।

“আগামী জুলাই-অগাস্ট মাসে নদী শাসনের কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হবে।”

গত সোমবার পদ্মা মূলসেতু নির্মাণে চীনের এক প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন “এ সরকারের মেয়াদে অগ্রাধিকার তালিকায় থাকা অন্যান্য প্রকল্পগুলো হলো চট্রগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা নির্মাণ করা, মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও এলএনজি টার্মিনাল প্রতিষ্ঠা করা।"

তিনি বলেন, “পর্যায়ক্রমে দেশের প্রধান প্রধান মহাসড়ক চারলেনে উন্নীত করা ও রেলখাতে সংস্কারের মাধ্যমে এর আধুনিকায়নে বিনিয়োগ অব্যাহত রাখা এবং ঢাকা মহানগরীকে ঘিরে সার্কুলার রেলপথ নির্মাণ করা, যাত্রী সক্ষমতা বৃদ্ধি ও ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিমানকে লাভজন প্রতিষ্ঠানে রূপান্তর করার উদ্যোগও নেয়া হচ্ছে।”

যানজট নিরসনে উত্তরা থেকে মতিঝিল পযন্ত এমআরটি লাইন-৬, মেট্রোরেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ নির্মাণের বিষয়গুলো উল্লেখ করে মন্ত্রী বলেন, “বুড়িগঙ্গার অপর পাড়ে আন্তজার্তিক কনভেনশন সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং দ্রুত গতির যোগাযোগের জন্য শান্তিনগর থেকে বুড়িগঙ্গার ওপারে উড়াল রাস্তা নির্মাণে পিপিপি প্রক্রিয়ার অধীনে উদ্যেগে নেয়া হচ্ছে।

রেলের অব্যহৃত জমিতে মেডিকেল কলেজ, শপিং মল

অর্থমন্ত্রী বলেন,  “রেলওয়েকে বাণিজ্যিকভাবে সফল করার সাথে সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য রেলের জমির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে রেলের অব্যহৃত ভূমিতে মেডিকেল কলেজ, ফাইভ স্টার হোটেল, শপিংমল ইত্যাদি নির্মাণের পরিকল্পনা আছে আমাদের।”

রেল অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “ ঢাকা-সিলেট রেল সংযোগ খুবই নাজুক অবস্থায় রয়েছে এবং তা থেকে পরিত্রানের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে।”

“শায়েস্তাগঞ্জ অথবা শ্রীমঙ্গলে একটি কন্টেইনার টার্মিনালের সম্ভ্যাবত্য বিচার করা হবে। ঢাকা-মংলা রেলপথও নির্মাণ করবো,” বলেন অর্থমন্ত্রী।