ঐশীদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
অসুস্থতার কারণে বাদী হাজির না হওয়ায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলায় তাদের মেয়ে ঐশীসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ৮ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রেখেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাজ্জাদুল হক শিহাব জানান, বাদী মশিউর রহমান ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকায় আসার পথে অসুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় সাক্ষ্য নেয়া সম্ভব হয়নি।
এদিন কারাগার থেকে ঐশী, তার দুই বন্ধু মিজানুর রহমান জনি ও আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়।।
ঐশী এজলাসে তার ছোট ভাই ঐহী ও দাদীকে দেখতে চান বলে জানান তার আইনজীবী মাহবুব হাসান রানা।
ফাইল ছবি
গত ৯ মার্চ এ হত্যা মামলায় ঐশী, তাদের গৃহকর্মী সুমি, জনি ও রনির বিরুদ্ধে পৃথক দুইটি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।
অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মো. মারুফ হোসেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য এটি মহানগর দায়রা জজ আদলতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় সাক্ষী রয়েছেন ৫৭ জন।
গত ৬ মে এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আদালত।
গৃহকর্মী সুমীর বিরুদ্ধে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতে আগামী ১৬ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। সুমি গত ২০ মে এ মামলায় জামিন পায়।
