২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় লুণ্ঠিত অর্থসহ ৮ ডাকাত গ্রেপ্তার

খুলনা শহরে অভিযান চালিয়ে ডাকাতির টাকাসহ আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:45 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রোকনুজ্জামান জানান, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের সময় ছয় লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর দৌলতপুর রেলগেট এলাকার হাবিবুর রহমান (৩০), পালপাড়ার কাজী ইব্রাহিম ওরফে মার্শাল (৩৬), দেয়ানা দক্ষিণ পাড়ার ইবাদ মোড়ল (২৮), কুলিবাগানের মো. মিন্টু মুন্সী (৩৬), মধ্যডাঙ্গা এলাকার সাজেদুর রহমান ওরফে বাপ্পী (৩০), কয়রা উপজেলার কালনা গ্রামের বাসিন্দা ট্রাক চালক সিরাজুল ইসলাম (২২) ও নতুনবাজার এলাকার আবুল বাশার ওরফে বাদশা (৪৮)।

ওসি রোকনুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ১১ জন চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ টাকা ডাকাতি করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে মামলা হয়েছে এবং ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।