২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে চট্টগ্রামে অবরোধের ডাক

ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আগামী ১০ জুন বন্দর নগরীতে অবরোধ ডেকেছে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 09:30 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার নগরীর আগ্রাবাদে সংগঠনের উত্তর জেলা উপ-পরিষদের এক সভায় এই ঘোষণা দেন ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে চলাচলকারী অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে চট্টগ্রাম সিটি করপোরেশন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়া তাদের এই  কর্মসূচি।

“আগামী ৮ জুনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া না হলে ১০ জুন আমরা অবরোধ কর্মসূচি পালন করব।”

হারুনুর রশিদ বলেন, ওই দিন সকাল থেকে নগরীর প্রবেশপথ সিটি গেইট, কর্ণফুলী সেতু, কাপ্তাই রাস্তার মাথা ও অক্সিজেন মোড়ে অবরোধ করব।

“যে কোনো পরিস্থিতিতে এ কর্মসূচি পালন করা হবে। নগরীতে কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না এবং সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।”

তিনি দাবি করেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আন্দোলনরত অন্য তিন সংগঠন সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ এবং চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদও অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়েছে।

একই দাবিতে গত ২০ মে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও করে এ চার সংগঠনের নেতাকর্মীরা।

ওই দিন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় মেয়র আশ্বাস দেন এ বিষয়ে যোগাযোগমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হবে। পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী এক সপ্তাহের মধ্যে করণীয় ঠিক করারও আশ্বাস দেন মেয়র।

মঙ্গলবারে সভায় শ্রমিক ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন বলেন, প্রশাসন আশ্বস্ত করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সিটি করপোরেশনের নিরব ভূমিকাও জনমনে প্রশ্নবিদ্ধ।