২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বৃষ্টিতে সার গলে দূষিত হচ্ছে জলাশয়

ফরিদপুর শহরের টেপাখোলায় সরকারি গুদামের সামনে খোলা আকাশের নিচে ১১ শ' মেট্রিক টন ইউরিয়া সার স্তুপ করে রেখেছে বাংলাদেশ কেমিক্যকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 05:08 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

গত দুই দিনে বিরামহীন বৃষ্টিতে সার গলা পানি এলাকার বিভিন্ন পুকুর-ডোবায় গিয়ে পড়ছে, এতে মারা পড়ছে মাছ। আর ওই সব পুকুরের পানি পান করে গবাদী পশু মারা গেছে বলে দাবিও করা হয়েছে। এছাড়াও সার গলা পানির বিষাক্ত অ্যামোনিয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।

স্থানীয় এস এম রেজওয়ান বলেন, “বৃষ্টিতে সার ভিজে রাস্তায় যে পানি এসেছে সেই পানি পান করার পর স্থানীয় টুটু খাঁ-র একটি গরু ও জাহাঙ্গীরের একটি ছাগল মারা গেছে।

“সরকারি গুদামের গেট বন্ধ থাকার কথা থাকলেও তা সব সময় খোলা থাকে। এতে করে গবাদি পশু সহজেই ভেতরে প্রবেশ করতে পারছে।”

এতে আসে পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

স্থানীয় পৌর কমিশনার নাফিজুল ইসলাম তাপস বলেন,“ গুদামের বাইরে সার রাখায় বৃষ্টি পানিতে গলে সার নষ্ট হচ্ছে। অন্যদিকে দূর্গন্ধে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

“দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসীর বাড়ি-ঘর ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

ফরিদপুরের সিভিল সার্জন ডা.সিরাজুল হক তালুকদার বলেন,  “ইউরিয়া সার পানিতে গলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, যা সকল প্রাণীর জন্য ক্ষতিকর।”

পরিবেশ ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বীকার করে বিসিআইসির সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বিজয় কুমার জানান, ফরিদপুর, মাগুরা ও রাজবাড়ী জেলার জন্য আনা ইউরিয়া সার টেপাখোলা গুদামে রাখা হয়। গুদামে জায়গা না হওয়ায় বাইরে সার রাখা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খলিলুর রহমান জানান, ফরিদপুরের সরকারি গুদামের বাইরে ১১শ’ মেট্রিক টনের বেশি সার খোলা আকাশের নিচে রয়েছে।

তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে সারগুলো ডিলার দেওয়া হলেই সমস্যা মিটে যাবে।”

এভাবে সার গলে যাওয়ায় সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে  এবং কৃষকের জন্য বরাদ্দকৃত সার সংকটের আশংকা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফরিদপুরের বিসিআইসির গুদামের তিনটি ভবনের মধ্যে দুইটি ভাড়া নেয়া।