হবিগঞ্জ সীমান্তের বনে কামান বিধ্বংসী গোলা
হবিগঞ্জের সাতছড়িতে ভারত সীমান্তবর্তী পাহাড়ি বনে দিনভর অভিযানে প্রায় ২০০ কামান বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলা পেয়েছে র্যাব।
মঙ্গলবার বিকালে প্রথম দিনের অভিযান শেষে এই গোলা পাওয়ার কথা জানিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, আরো গোলাবারুদ সেখানে রয়েছে বলে তাদের ধারণা।
সংরক্ষিত ওই বনাঞ্চলে টিলার ওপর গভীর কূপের মধ্যে তৈরি করা বাংকারের মধ্যে এই গোলাগুলো পাওয়া যায়। এই গোলাগুলোর উৎস জানতে চাইলে কর্নেল জিয়া বলেন, তারা আরো তদন্ত করে পরে তা জানাবেন।
যে স্থানটিতে এই গোলাবারুদ পাওয়া গেছে, তা এক সময় অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) আস্তানা ছিল বলে মনে করা হয়। ত্রিপুরার এই বিদ্রোহী দলটি এখন দুর্বল হয়ে পড়েছে।
ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশের ৩ কিলোমিটার ভেতরে চুনারুঘাট উপজেলার সাতছড়ির এই বনে অস্ত্র থাকার প্রাথমিক তথ্য পেয়ে কয়েকদিন ধরে অভিযানের প্রস্তুতি চলছিল বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী দেখেছেন, বনে একশ’ ফুট উঁচু টিলার মাঝামাঝি স্থানে বিভিন্ন বাংকারে অভিযান চালাচ্ছেন প্রায় ১০০ র্যাব সদস্য। তাদের সঙ্গে ডগ স্কোয়াডও ছিল।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও পরিচালক (মিডিয়া ও লিগ্যাল উইং) উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমানও সেখানে ছিলেন।
অভিযান শেষে ঢাকায় ফেরার পর কর্নেল জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনের আলো কমে আসায় তারা অভিযান স্থগিত করেছেন, তবে বুধবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হবে।
তিনি বলেন, তারা ১৮৪টি উচ্চক্ষমতাসম্পন্ন কামান বিধ্বংসী গোলা উদ্ধার করেছেন। এই গোলা ছোড়ার কাজে ব্যবহারের ১৫৪টি চার্জও পাওয়া গেছে।
র্যাবের মুখপাত্র হাবিব সাতছড়িতে সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। তবে তারা ৪/৫ দিন ধরে ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে আসছিলেন।
“র্যাবের নেটওয়ার্ক সিগন্যালে ওই বাংকারগুলোতেও অস্ত্র থাকার সঙ্কেত পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু হয়।”
দুটি টিলার ওপর একটিতে দুটি এবং অন্যটিতে পাঁচটি গভীর কূপ ছিল সেখানে, প্রতিটি কূপে একাধিক বাংকার রয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
এসব কূপে রশি বেয়ে নামতে হয়েছে জানিয়ে কর্নেল জিয়া বলেন, বাংকারগুলো কংক্রিটের তৈরি। এগুলো একদিনে হয়নি। এটা দীর্ঘ দিন আগে তৈরি করে গোলাবারুদ মজুদ করা হয়েছে।
ওই টিলার ওপর কয়েকটি ঘর রয়েছে, তবে সেখানে নারী ও শিশু ছাড়া কোনো পুরুষ ছিল না। বাড়ির পুরুষরা বাইরে কাজে গেছে বলে নারীরা জানিয়েছে, বলেন কর্নেল জিয়া।
র্যাবের মুখপাত্র হাবিব বলেন, “ধারণা করা হচ্ছে, এক-তৃতীয়াংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে।”
২০০৩ সালের ২৭ জুন বগুড়ার কাহালুতে এক ট্রাক সমপরিমাণ গুলি পাওয়া যায়। তার সঙ্গে সাতছড়ি ত্রিপুড়া পল্লীর তৎকালীন হেডম্যান যোগেশ বর্মার ভাতিজা আশীষ বর্মার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। আশীষ তখন থেকে পলাতক।
রঞ্জিত দেবর্মা
এটিটিএফের সশস্ত্র বিদোহীরা
ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বলেন, এটিটিএফের এই আস্তানাটি আসামের বিদ্রোহী সংগঠন উলফাও অস্ত্র পাচারের জন্য ব্যবহার করত।
এটিটিএফ এর প্রধান রঞ্জিত দেবর্মা বর্তমানে গ্রেপ্তার হয়ে ত্রিপুরার কারাগারে রয়েছেন। বলা হয়, তিনি ২০১৩ সালে বাংলাদেশে আটক হয়েছিলেন, পরে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়।
দেবর্মার সঙ্গে উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরেশ বড়ুয়া চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত। ওই অস্ত্র উলফার জন্য আনা হয়েছিল বলে আদালতে প্রমাণিত হয়েছে।
পরেশ বড়ুয়া পলাতক রয়েছেন। ধারণা করা হয়, ভারত-মিয়ানমার সীমান্তে লুকিয়ে আছেন তিনি।
ভারতীয় গোয়েন্দারা বলছেন, উলফা ও এটিটিএফ কক্সবাজার ও চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ত্র আনত, তারপর তা নিয়ে রাখা হত হবিগঞ্জের সাতছড়ির আস্তানায়।
