২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুনে রানার সম্পৃক্ততার ‘তথ্য মিলেছে’

সাবেক র‌্যাব কর্মকর্তা এম এম রানাকে এই পর্যন্ত জিজ্ঞাসাবোদে নারায়ণগঞ্জের সাত খুনে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে জানিয়ে তা যাচাইয়ে তাকে আরো পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 12:43 AM

Updated : 22 Aug 2022, 06:24 PM

নৌবাহিনী থেকে অবসরে পাঠানো রানাকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে সোমবার আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল রানাকে তৃতীয় দফায় আরো সাত দিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান।

আবেদনে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, নূর হোসেনের মদদে রানা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রধান আসামি নূর হোসেন রানাকে প্রভাবিত করে অপহরণ ও খুন করিয়েছেন।

“ইতোমধ্যে পুলিশ রিমান্ডে থাকাকালীন রানার কাছ থেকে প্রাপ্ত তথ্য ও অন্যান্য সাক্ষীদের দেয়া সাক্ষ্য আরো নিবিড়ভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। এ জন্য রিমান্ডের আবেদন করছি।”

শুনানিতে আইনজীবী আনোয়ার হোসেন বলেন, “ঘটনার আগের দিন গত ২৬ এপ্রিল রাতে রানা নূর হোসেনের আস্তানায় পাজামা-পাঞ্জাবি পরিহিত অবস্থায় গিয়ে নূর হোসেনের সঙ্গে মিটিং করেছে। ঘটনার পর দিন ২৮ এপ্রিলও একই অবস্থায় নূর হোসেনের আস্তানায় যায় রানা। এতে প্রমাণিত হয় রানা ঘটনার সঙ্গে জড়িত।”

র‌্যাব-১১ এ  নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট ক্যাম্পের অধিনায়ক ছিলেন সাবেক লেফটেন্যান্ট কমান্ডার রানা। সেখানেই সাতজনকে হত্যা করা হয় বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের দাবি।

রানার পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। তিনি আদালতে বলেন, “যেখান থেকে অপহরণ হয়েছে, সেই ঘটনাটি আমার এলাকায় নয়। আমি পরিস্থিতির শিকার। তাছাড়া নূর হোসেনের সঙ্গে আমার কোনো উঠা বসা ছিল না।”

কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা মামলায় তদন্ত কর্মকর্তার এই আবেদনের শুনানি শেষে হাকিম কে এম মহিউদ্দিন পাঁচ দিন রিমান্ডের নির্দেশ দেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা বিজয় পালের মামলায়ও রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ওই মামলায় তাকে রিমান্ডে চাওয়া হয়নি।

নতুন করে রিমান্ডের আদেশের পর রানাকে পুনরায় জেলা পুলিশ লাইনে ফিরিয়ে নেয়া হয়। ১৭ মে গ্রেপ্তারের পর থেকে রানাকে সেখানে রেখেই জিজ্ঞাসাবাদ চলছে।

র‌্যাব-১১ এ রানার সহকর্মী তারেক সাঈদ মোহাম্মদ ও আরিফ হোসেনকেও একইস্থানে রেখে তৃতীয় দফা  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ৭ খুনে জড়িত সবাইকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবারও আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছেন।

পুরনো খবর:

র‌্যাবের তারেক-আরিফ তৃতীয় দফা রিমান্ডে
৭ খুন: র‌্যাবের সাবেক কর্মকর্তা রানাও গ্রেপ্তার
র‌্যাবের রানাকেও হত্যা মামলায় গ্রেপ্তার 
৭ খুন: চাকরি গেল সেই ৩ র‌্যাব কর্মকর্তার