২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের তারেক-আরিফ তৃতীয় দফা রিমান্ডে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও আরিফ হোসেনকে আরো জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 07:35 PM

Updated : 26 Jul 2022, 12:40 PM

দ্বিতীয় দফায় আট দিন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার নারায়ণগঞ্জের আদালতে হাজির করে আরো সাত দিন তাদের হেফাজতে চান তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি মামনুর রশীদ মণ্ডল।

বিকালে শুনানি শেষে এইচ এম শফিকুল ইসলাম পাঁচ দিন হেফাজতের আদেশ দেন বলে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এরপর দুজনকেই জেলা পুলিশ লাইনে ফিরিয়ে নেয়া হয়। গত ১৭ মে ঢাকা সেনানিবাস থেকে গ্রেপ্তারের পর থেকে সেখানেই রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো এই দুজনকে।  

গ্রেপ্তারের পর প্রথম দফায় পাঁচ দিন এবং দ্বিতীয় দফায় আট দিন জিজ্ঞাসাবাদে সুনির্দিষ্ট কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি। এখন আরো পাঁচ দিন তাদের জিজ্ঞাসাবাদ চলবে।

নতুন করে জিজ্ঞাসাবাদের আবেদনে তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেছেন, “আসামিরা জিজ্ঞাসাবাদে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গেও তাদের গভীর সখ্য ছিল।”

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো যাচাই করার জন্য নতুন করে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে বলেন তিনি।

শুনানিতে অংশ নিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, “সিদ্ধিরগঞ্জের গডফাদার নূর হোসেনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সখ্যের কারণে র‌্যাবের সাবেক এই কর্মকর্তারাও জড়িয়ে পড়ে।

“তাছাড়া সাতজনের লাশ উদ্ধারের পর যে ইট পাওয়া গিয়েছিল, সেই ইট র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ের অদূরে স্তূপ করে রাখা ছিল। ইটগুলো যে বস্তায় ছিল সে বস্তা র‌্যাব সদস্যদের দেয়া রেশনের বস্তা। আর যে দড়ি দিয়ে ইট বাধা হয়েছিল, সেই দড়ি র‌্যাবকে ব্যবহারের জন্য সরকার কর্তৃক সরবরাহকৃত।”

গ্রেপ্তারের পর প্রথম দিন কথা বললেও এদিন নিশ্চুপ ছিলেন তারেক সাঈদ ও আরিফ। তাদের পক্ষে কোনো আইনজীবীও ছিল না।

র‌্যাব-১১ এ এই দুজনের সঙ্গে থাকা আরেকজন নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকেও জেলা পুলিশ লাইনে রেখে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ চলছে। তাকে একদিন পর  গ্রেপ্তার করা হয়েছিল।

সাত খুনে র‌্যাবের এই কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠলে হাই কোর্টের নির্দেশের পর তাদের গ্রেপ্তার করা হয়।

প্রথমে তিনজনকে ৫৪ ধারায় আটক দেখানো হলেও আদালতের নির্দেশে পরে তাদের এই ঘটনার দুটি হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়।  

ফতুল্লা থানায় করা মামলা দুটির একটির বাদী নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম এবং অন্যটির বাদী নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুটি গাড়ি থেকে কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দনসহ সাতজনকে তুলে নেয়া হয়েছিল। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।

এরপর নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরীর জামাতা তারেক সাঈদসহ র‌্যাব কর্মকর্তারা টাকা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এই হত্যাকাণ্ডের অর্থ জোগানদাতা হিসেবে নারায়ণগঞ্জের আরেক কাউন্সিলর নুর হোসেনের নাম এসেছে মামলায়। তিনি এখনো পলাতক।

পুরনো খবর:

র‌্যাবকে দায়ী করলেন নজরুলের শ্বশুর
র‌্যাবের সেই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ
৭ খুন: চাকরি গেল সেই ৩ র‌্যাব কর্মকর্তার
র‌্যাব হুমকি দিচ্ছে, অভিযোগ নজরুলের শ্বশুরের
হত্যা মামলায় গ্রেপ্তার হলো দুই র‌্যাব কর্মকর্তা