২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দুই বাড়িতে ডাকাতি

মৌলভীবাজারের জুড়ীতে এক সাবেক অতিরিক্ত সচিবের বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 12:33 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামে এ ডাকাতির সময় ডাকাতরা দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।

সাবেক অতিরিক্ত সচিব আফতাব উদ্দিনের ভাতিজা সোহেল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৩টার দিকে চাচা আফতাব উদ্দিনের বাড়িতে ৬/৭ জনের মুখোশধারী জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে।

বাড়িতে কোনও পুরুষ ছিল না জানিয়ে সোহেল বলেন, ডাকাতরা বাড়ির নারীদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আলমারি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়।

এর আগে রাত ১টার দিকে একই গ্রামে আবু মিয়ার বাড়িতে ডাকাতি হয়।

আবু মিয়া বলেন, ছয়জন মুখোশধারী ডাকাত একই কায়দায় ঘরে ঢুকে ভাবির কোল থেকে ভাতিজাকে তুলে নিয়ে পরিবারের লোকজনকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় ভাবির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা তার গলার হার ও একটি মোবাইল নিয়ে সটকে পড়ে।

ঘটনার পর টহল পুলিশ দুটি বাড়ি পরিদর্শন করে।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন. “আমি ঘটনাস্থলে দুটি পরিবারের লোকজনকে ডাকাতির ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি।”