২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য আদালতের নজরে আনলেন আইনজীবী

জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে আদালতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য হাই কোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 12:14 AM

Updated : 22 Aug 2022, 06:24 PM

আদালত বিষয়টি ‘দেখার’ আশ্বাস দিয়েছেন বলে তামজিদা মিলা নামে ওই আইনজীবী জানিয়েছেন।

শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে হাই কোর্টের নির্দেশ নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।  

এক পর্যায়ে তিনি হাসতে হাসতে বলেন, “কী, কনটেম্প করবে? আমি পরোয়া করি না।”

তার ওই বক্তব্য নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপত মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চের নজরে আনেন তামজিদা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সকালে প্রতিবেদনটি আদালতের নজরে এনেছিলাম। আদালত প্রতিবেদনটি রেখে দিয়েছিলেন। দুপুরের পর আবার আদালতে গিয়ে বলেছি, মাই লর্ড, আমি একটি প্রতিবেদন দিয়েছি।

“আদালত তখন বলেছেন, আমরা দেখছি, দেখব।”

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠিক আছে আমরা দেখাব-বলে আদালত পত্রিকাটা রেখে দিয়েছে। নাথিং এলস।”

এক প্রশ্নের জবাবে তামজিদা বলেন, “প্রধানমন্ত্রীকে আমি অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করি। কিন্তু আদালত সম্পর্কে যে মন্তব্যটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা তিনি বলতে পারেন না।”

‘বিবেকের তাড়নায়’ বিষয়টি আদালতের নজরে এনেছেন জানিয়ে এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “এত বড় পদে থেকে এ ধরনের মন্তব্য করলে অন্যরাও এতে উৎসাহিত হতে পারেন।”

পুরনো খবর:

চট করে র‌্যাব বন্ধ করা সম্ভব না: শেখ হাসিনা