২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি ইজাহারের মামলায় বাদীকে জেরা শেষ

হেফাজতি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারসহ নয় জনের বিরুদ্ধে করা বিস্ফোরক আইনের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে মামলাটির বাদি খুলশী থানার এসআই মো. গোলাম নেওয়াজকে জেরা করেন আসামির আইনজীবী আবদুস সাত্তার।

জেরা শেষে আদালত আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অশোক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি পক্ষের আইনজীবী বাদিকে বিভিন্ন বিষয়ে জেরা করেন।

রোববার আদালতে তিন আসামি মুনির হোসেন, আবদুল মান্নান ও তাফসির আহমেদের জামিন আবেদন করেন তাদের আইনজীবী।

অশোক দাশ বলেন, আদালতকে বলেছি আসামি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী এখনো পলাতক। জামিন পেলে এ তিন জনও পালিয়ে যাবে। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেরার জবাবে মামলার বাদি আদালতে বলেন- চিকিৎসাধীন অবস্থায় ঘটনায় আহতদের দেয়া তথ্যের ভিত্তিতে তিনি নয় জনকে আসামি করেন।

জেরার আইনজীবী আবদুস সাত্তার বলেন, সরকারের প্রস্তাবে মহাজোটভুক্ত না হওয়ায় সরাকারের ইন্ধনে মুফতি ইজাহারকে এ মামলায় আসামি করা হয়েছে।

জবাবে সাক্ষী গোলাম নেওয়াজ বলেন, “এটা সঠিক নয়।”

এই মামলায় গত ৬ এপ্রিল মুফতি ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩,৪ ও ৬ ধারায় আদালতে অভিযোগ গঠন করা হয়।

রোববার আদালতে মুফতি হারুণ ইজাহারসহ আট আসামিকে হাজির করা হয়।

শুরুতে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মুফতি ইজাহার। উচ্চ আদালতের জামিন বাতিলের পর গত ২৭ মার্চ এই মামলায় আদালত মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহার ওই মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ। তার ছেলে হারুন বিন ইজাহার ছিলেন ছাত্রাবাসের দায়িত্বে।

মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে ওই ঘটনাকে ‘ল্যাপটপ বিস্ফোরণ’ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা ও অ্যাসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।

এরপর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও অ্যাসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।

গত ১০ ফেব্রুয়ারি মুফতি ইজাহার ও তার ছেলে মুফতি হারুন ইজাহারসহ নয়জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনের মামলাটির অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দেশের পরিস্থিতি ‘অস্থিতিশীল’ করতেই মাদ্রাসায় ‘গ্রেনেড’ বানানো হচ্ছিল। 

এই মামলার গ্রেপ্তার আসামিরা হলেন- মুফতি হারুন বিন ইজাহার, মাদ্রাসার ডাইনিং সুপার মুনির হোসেন, শিক্ষক তাফসির আহমদ, আবদুল মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান, মো. জুনায়েদ, মো. ইছহাক ও আব্দুল হাই ওরফে সালমান।