২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কারখানা বন্ধের পর শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের আগ্রাবাদের একটি পোশাক কারখানার একটি বিভাগে ‘লে-অফ’ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 04:02 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

রোববার দুপুরে আগ্রাবাদ বাদামতলা এলাকায় আম্বিয়া গ্রুপের মালিকাধীন ‘আম্বিয়া গার্মেন্টেস’র এই ঘটনায় শ্রমিকদের অবস্থানের কারণে রাস্তার দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।  

শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান, প্রতিষ্ঠানটির ২৪৩ জন শ্রমিকের লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ। সকালে কাজে এসে শ্রমিকরা জানতে পারলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

প্রথমে তারা কারখানার সামনে এবং পরে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত ওই এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়কে অবরোধ করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শ্রমিকদের সরিয়ে দেয় বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোশাক কারখানাটিতে উভেন ও নিটিং মিলিয়ে দুটি শাখায় ৬০০ জন শ্রমিক কাজ করত। এর মধ্যে নিটিং শাখাটি আগেই বন্ধ করে দেয়া হয় এবং রোববার উভেন শাখার ২৪৩ জন শ্রমিকের লে-অফ ঘোষণা করা হয়।

কারখানাটির কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে পরিদর্শক আরিফুল আরো বলেন, “মালিকপক্ষ জানিয়েছে কারখানাটিতে বর্তমানে কোনো অর্ডার না থাকায় এবং কাঁচামালের অভাবে শ্রমিক আইন অনুয়ায়ী লে অফ ঘোষণা করা হয়েছে। অর্ডার পেলে লে অফ তুলে নেয়া হবে।”

স্বপনসহ অন্য শ্রমিকদের অভিযোগ, আগে থেকে ঘোষণা ছাড়া সকালে মালিক পক্ষ লে-অফ ঘোষণা করেছে। তাছাড়া তাদের এক মাসের বেতন বকেয়া রয়েছে বলেও দাবি করেন তিনি।