সিলেটে প্রাইভেট কার ভাংচুর করে টাকা ছিনতাই
সিলেট শহরতলীতে প্রাইভেটকার ভাঙচুর করে এক ফিলিং স্টেশন মালিকের ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা জানান, রোববার দুপুর ১২টার দিকে শহরতলীর মেজরটিলা চামেলীবাগ এলাকার এ ঘটনার সময় ছিনতাইকারীদের মারধরে তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, সদর উপজেলার পীরের বাজার ‘আর রাহমান ফিলিং স্টেশন’ মালিক মুজিবুর রহমান, ক্যাশিয়ার সঞ্জয় ধর ও গাড়ি চালক জালাল আহমদ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা বলেন, প্রাইভেটকার করে সিলেট শহরের দিকে আসছিলেন মুজিবুর। চামেলীবাগ এলাকায় আসার পর ছয়টি মোটরসাইকেলে করে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে গাড়ি ভাংচুর শুরু করে। পরে তাদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত হয়েছেন।
ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
