সোহাগ পল্লীতে ‘ডিজে পার্টি’, ১৫ তরুণ-তরুণী গ্রেপ্তার
ডিজে পার্টির নামে অশ্লীলতার অভিযোগ তুলে গাজীপুরের কালিয়কৈরের পিকনিক স্পট ‘সোহাগ পল্লী’ থেকে ১৫ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ, জব্দ করা হয় বিদেশি মদ ও বিয়ার।
উপজেলার কালামপুর এলাকার এ পিকনিক স্পটে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে পিকনিক স্পট সোহাগ পল্লী। এর মালিক কালিয়াকৈরের ব্যবসায়ী আব্দুল জালিল।
সেখানে দিনের বেলায় পিকনিক, শ্যুটিংসহ নানা অনুষ্ঠান চলে, কিন্তু রাতের বেলায় চলে মদ ও জুয়ার আসর। বিভিন্ন সময় আয়োজন করা হয় ডিজে পার্টির নামে মদ ও অশ্লীল নৃত্যের। এর সঙ্গে চলে অসামাজিক কার্যকলাপ।
গোপন সংবাদে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ সেখানে অভিযান চালায়।
ওই সময় নৃত্য করার সময় ও মদ্যপ অবস্থায় তাদের মধ্যে পাঁচ তরুণ ও ১০ তরুণীকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ১৫টি বিদেশি মদের বোতল ও ৫২৮ ক্যান বিয়ার জব্দ করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
সোহাগ পল্লীর ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, পার্কের মালিক ও শওকত আলম নামের এক ব্যবসায়ী ওই পার্টির আয়োজন করেছিলেন।
সোহাগ পল্লীর মালিক আব্দুল জলিল সাংবাদিকদের জানান, ম্যারেজ ডে এর অনুষ্ঠানের কথা বলে ঢাকার শওকত আলম নামের এক ব্যক্তি ওই রাতের জন্য সোহাগ পল্লী বুকিং নেন। এর বাইরে কিছু জানেন না তিনি।
