ধূমপান কমাতে কর ‘বাড়বে’ তামাকে
কর বাড়িয়ে তামাকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলে বিশ্ব তামাকমুক্ত দিবসের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “যেহেতু এই মুহূর্তে তামাকের ব্যবহার নির্মূল করা সম্ভব হচ্ছে না, তাই তামাকের উপর কর বাড়িয়ে এর ব্যবহার কমানোর উদ্যোগ নিতে হবে।”
এবারের বাজেটে তামাকের ওপর কর বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, “এবারের বাজেটে অবশ্যই তামাকের ওপর কর বাড়ানো হবে। রাজস্বকে নয় বরং জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে তামাকের ওপর কর বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।”
‘তামাকে কর বাড়াও, রোগ-মৃত্যুর হার কমাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জানানো হয়, কার্যকর করারোপের অভাবে তামাকপণ্যের প্রকৃত মূল্য বৃদ্ধি পায়নি। উল্টো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে তামাক পণ্যের দাম সস্তা থেকে আরো সস্তা হয়েছে।
তামাকের কারণে সারা বিশ্বে বছরে প্রায় ৬০ লাখ মানুষ মারা যায়, যার ছয় লাখই পরোক্ষ ধূমপায়ী।
অনুষ্ঠানে ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৪’ বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়া বাংলা বিভাগে দৈনিক যুগান্তরের উবায়দুল্লাহ বাদল, প্রিন্ট/অনলাইন মিডিয়া ইংরেজি বিভাগে ঢাকা ট্রিবিউনের আবু বকর সিদ্দিক পুরস্কার পেয়েছেন।
এছাড়া সেরা স্থানীয় পত্রিকা রিপোর্টে সিলেটের দৈনিক সিলেট সুরমার শাহ সুহেল আহমেদ এবং সেরা ব্রডকাস্ট রিপোর্টে এনটিভির মইদুল ইসলাম ও বৈশাখী টেলিভিশনের রিতা নাহার পুরস্কার পান।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
