২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের রাডার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার কেনায় দুনীর্তির মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহষ্পতিবার ঢাকার বিভাগীয় জজ আদালতে পিপি শাহীন আহমেদ খান শুনানিতে রাডার কেনার ইতিহাস, মামলার বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন।

বিচারক আব্দুর রশীদ আগামি ২ জুন রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পরবর্তী দিন ঠিক করেন।

গত ১৫ মে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দেন। সেদিন অন্য দুই আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদও নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এ মামলায় এর আগে এরশাদ সশরীরে আদালতে হাজির হওয়ার দায় থেকে মুক্তি পান। এরপর থেকে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম হয়নি।

তবে এদিন আদালতে এসেছিলেন মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ। অন্য আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক।

এর আগে বিচারের শেষ পর্যায়ে এসে গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেয় আদালত। বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

১৯৯৫ সালের ১২ অগাস্ট এরশাদসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল।

সাক্ষ্যগ্রহণে কোনো বাধা না থাকলেও ২০০৯ সাল পর্র্যন্ত তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলার বাদী আলী হায়দারকে আদালতে হাজির করেনি।

মামলার ১৮ বছর পর ২০১০ সালের ১৯ অগাস্ট আগস্ট শুরু হয় বাদীর সাক্ষ্য। প্রায় ১০টি ধার্য তারিখের পর ২০১২ সালের ১ মার্র্চ বাদীর সাক্ষ্য শেষ হয়।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে বলা হয়, “সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজসে আর্থিক সুবিধা প্রাপ্ত হয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেছিলেন।”